কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের তাগিদ

কৃষিপণ্যের সরবরাহ ব্যবস্থায় ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে যতটা আলোচনা হয়, কৃষকের সমস্যা নিয়ে ততটা হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা, আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা এবং সরবরাহ ব্যবস্থার কোনো পর্যায়েই কৃষক যাতে প্রতারণার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শুধু ভর্তুকি দিয়ে কৃষি খাত টিকিয়ে রাখার কার্যকারিতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘ব্লকচেইনের মাধ্যমে কৃষিব্যবস্থার সংযোগ, অর্থায়ন ও কার্যক্রম সহজীকরণ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। অ্যাগ্রোনোচেইন লিমিটেড আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতা করে ব্যাংক এশিয়া পিএলসি ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
কৃষকের সমস্যা উপেক্ষিত, শুধু ভর্তুকি সমাধান নয়
জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্ট
জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃষি খাত নিয়ে আলোচনায় কৃষকদেরই প্রধান বিবেচনায় রাখতে হবে। অথচ বাংলাদেশে কৃষিকে এখনো যথাযথ মর্যাদার পেশা হিসেবে দেখা হয় না; অনেক ক্ষেত্রে এ পেশাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। এমন ধারণাও প্রচলিত যে উন্নত হওয়া মানেই কৃষি ও কৃষিকাজ থেকে দূরে সরে যাওয়া। এ দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে কৃষকের অবদান ও কৃষি পেশার মর্যাদা যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।
কৃষকের সমস্যা সমাধানে উৎপাদনের পাশাপাশি বাজারব্যবস্থা ও ন্যায্য দাম নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বললেন, পচনশীল কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিশ্বের বিভিন্ন দেশেই কৃষিকে টিকিয়ে রাখতে ভর্তুকি দেওয়া হয়। তবে শুধু ভর্তুকির ওপর নির্ভর না করে কৃষিকে কীভাবে লাভজনক ও স্বাবলম্বী করা যায়, সেই ব্যবস্থাও গড়ে তুলতে হবে। কৃষকের সমস্যার স্থায়ী সমাধান না করে শুধু ভর্তুকি দিয়ে খাতটিকে টিকিয়ে রাখা কতটা কার্যকর, তা নিয়ে ভাবতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল কৃষি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন।



