অর্থবছর এপ্রিল-মার্চ করতে কমিটি

অর্থবছরের সময়সীমা জুলাই-জুন থেকে বদলে এপ্রিল-মার্চ করার সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মপন্থা নির্ধারণে একটি কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এই পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, আইন ও সংসদবিষয়ক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান। কমিটিকে অর্থবছরের সময়কাল পরিবর্তনের জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এর প্রয়োজনীয় সংশোধন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তনের কর্মপন্থা নির্ধারণ করতে বলা হয়েছে।
আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ করার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্তের এক সপ্তাহ পর এই পদক্ষেপ নেওয়া হলো। প্রক্রিয়াটি যেন সহজ হয়, সেজন্য ২০২৭-২৮ অর্থবছরকে ৯ মাসের (জুলাই-মার্চ) একটি মধ্যবর্তী অর্থবছর করা হবে।
বর্তমানে অবকাঠামো উন্নয়নের মূল কাজগুলো জুলাই ও আগস্ট মাস পর্যন্ত গড়ায়। এ সময় ভারী বৃষ্টির কারণে উন্নয়নকাজ প্রায়ই পিছিয়ে যায়, কাজের মান খারাপ হয় এবং সাধারণ মানুষকেও চরম দুর্ভোগ পোহাতে হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, অর্থবছর বদলে এপ্রিল-মার্চ করা হলে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই অবকাঠামো উন্নয়নের বড় কাজগুলো শেষ করা সম্ভব হবে।
গত সপ্তাহে সিদ্ধান্তটি নেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এপ্রিল-মার্চ সময়সীমাকে অর্থবছর করা হলে বর্ষা আসার আগেই অবকাঠামো উন্নয়নকাজগুলো শেষ করা যাবে।






