এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সংগৃহীত ছবি
এনআরবিসি ব্যাংকে সদ্য যোগদান করা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) তিন সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ) আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ এবং মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রের (এইচআরটিডিসি) প্রধান মিসেস ফাহমিদা চৌধুরী।
চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া উল্লেখ করেন, ব্যাংকিং খাতে টেকসই সাফল্যের জন্য দক্ষ, দায়িত্বশীল ও প্রযুক্তিবান্ধব মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। নতুন কর্মকর্তাদের পেশাগত জ্ঞানের পাশাপাশি সততা, গ্রাহকসেবার মানসিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি। তার ভাষ্য, দক্ষ ব্যাংকার ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এনআরবিসি ব্যাংক ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেছেন, দক্ষ জনশক্তিই যেকোনো প্রতিষ্ঠানের প্রধান শক্তি। তিনি জানান, প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পারদর্শী জনবলই আগামীর ব্যাংকিং খাতের নেতৃত্ব দেবে। ব্যাংকারদের দক্ষ করে তুলতে ব্যাংক বহুমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি।
এইচআরটিডিসি আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবা, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও করপোরেট সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।




