খাদ্য খরচ সাশ্রয়ের ‘সিক্স কন্ট্রোল পয়েন্ট’ এর কপিরাইট পেলেন শাখাওয়াত

খাদ্য খরচ ব্যবস্থাপনায় ‘Shakawath’s Six Control Points for Food Cost Optimization’ নামে একটি কাঠামোর কপিরাইট নিবন্ধন পেয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও মো. শাখাওয়াত হোসেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কপিরাইট অফিস তাঁর এই মেধাস্বত্বভিত্তিক কাজটির কপিরাইট নিবন্ধন দিয়েছে।
২৫ বছরের বেশি সময়ের আতিথেয়তা পরিচালনার অভিজ্ঞতা থেকে মো. শাখাওয়াত হোসেন এই কাঠামোটি উদ্ভাবন ও উন্নয়ন করেন। খাদ্য খরচ নিয়ন্ত্রণ ও সাশ্রয়ে বাস্তবভিত্তিক এবং পরিমাপযোগ্য পদ্ধতি হিসেবে এটি তৈরি করা হয়েছে।
‘সিক্স কন্ট্রোল পয়েন্টস’ কাঠামোতে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো ক্রয় নিয়ন্ত্রণ, মজুত নিয়ন্ত্রণ , সঠিক স্থানান্তর, পরিমাণ নিয়ন্ত্রণ, উপযুক্ত রান্না এবং অপচয় নিয়ন্ত্রণ।
এই পদ্ধতিতে সব বিভাগের কার্যক্রমকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ২০২৩ সাল থেকে The Westin Dhaka, Sheraton Dhaka এবং HANSA-A Premium Residence-এ এটি বাস্তবায়িত হচ্ছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই পদ্ধতি বাস্তবায়নের ফলে তিনটি হোটেলে সম্মিলিতভাবে প্রায় ২ কোটি টাকা খাদ্য খরচ সাশ্রয়ে অবদান রেখেছে। খাদ্য খরচ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগগুলোর কার্যক্রমেও পরিমাপযোগ্য উন্নতি হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে তিন হোটেলের নেতৃবৃন্দ, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট টিমের সদস্যরা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
‘সিক্স কন্ট্রোল পয়েন্টস’ কাঠামোটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একাডেমিক কারিকুলামেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যৎ আতিথেয়তা পেশাজীবীদের ব্যবহারিক খাদ্য খরচ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিতে অন্যান্য একাডেমিক ও পেশাগত প্রশিক্ষণ প্ল্যাটফর্মেও এটি চালুর পরিকল্পনা রয়েছে।
কাঠামোটি টেকসই ব্যবস্থাপনাতেও ভূমিকা রাখছে। এর মাধ্যমে প্রকৃত চাহিদা অনুযায়ী খাদ্যপণ্য ক্রয়, মজুত ব্যবস্থাপনা, খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ, সঠিক রান্না এবং খাদ্য অপচয় কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে খাবারের মান, সেবার মানদণ্ড ও অতিথিদের সন্তুষ্টি বজায় রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদি খরচ সাশ্রয়ের সুযোগ তৈরি হয়।
মো. শাখাওয়াত হোসেন বলেছেন, “এই কপিরাইট স্বীকৃতি সিক্স কন্ট্রোল পয়েন্টস উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা এখন বাংলাদেশের আতিথেয়তা খাতের বিভিন্ন ক্ষেত্রে এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছি। পাশাপাশি আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ডগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগও নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে বিশ্বব্যাপী এর বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়।”
কপিরাইট নিবন্ধনের মাধ্যমে ‘Six Control Points for Food Cost Optimization’কে মো. শাখাওয়াত হোসেনের মৌলিক কাজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে আতিথেয়তা ও শিক্ষা খাতে কাঠামোটির ব্যবহার আরও বিস্তৃত করার ভিত্তি তৈরি হয়েছে।



