ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ প্রতিষ্ঠার প্রত্যয় নৌপরিবহন মন্ত্রীর

সংগৃহীত ছবি
ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব ও পর্যটন উপযোগী করে গড়ে তুলতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হলে রাজধানীকে ঘিরে কার্যকর বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
আজ শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান সংলগ্ন গ্রিন সিটি মডেল টাউনের তুরাগ নদীর তীরে বিআইডব্লিউটিএ নির্মিত ওয়াকওয়েতে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী জানান, নদীর সীমানা সংরক্ষণ ও জনসাধারণের হাঁটাচলার উপযোগী পরিবেশ সৃষ্টিতে বিআইডব্লিউটিএ বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করেছে। অসম্পূর্ণ ওয়াকওয়ের সংযোগ বা মিসিং লিংক দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর তীরকে হাঁটাচলা, শরীরচর্চা ও বিনোদনের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি নদী সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি।
নদীদূষণ রোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করা হয়েছে, যেগুলো দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে প্রবেশ করছে। দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য প্রবেশ বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি কর্পোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কার্যক্রম নেওয়া হয়েছে। এর পাশাপাশি অবৈধ দখল প্রতিরোধ ও ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কাজ চলমান রয়েছে।
নদীকে কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং পর্যটন ও নগরজীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে শেখ রবিউল আলম মন্তব্য করেন, নতুন নৌরুট চালু, আধুনিক নৌযান সংযোজন, নৌস্টেশন ও ঘাট নির্মাণ এবং সড়ক যোগাযোগের সঙ্গে নৌপথের সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীদূষণ নিয়ন্ত্রণ, নৌপথের নাব্যতা ও অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর পথ সুগম হবে। এতে যাতায়াতের বিকল্প সুযোগ সৃষ্টির পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ঢাকার চারপাশের চার নদীর উভয় তীরে প্রায় ২২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ, সীমানা সংরক্ষণ, তীররক্ষা বাঁধ, ইকোপার্ক, জেটি ও পর্যটন সুবিধা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের প্রথম ধাপে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপে ৫২ কিলোমিটারের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৪৮ কিলোমিটার সম্পন্ন হয়েছে। এছাড়া ৭ হাজার ১০০টি সীমানা পিলারের মধ্যে ৬ হাজার ৬৩০টি স্থাপন এবং ১৩টি জেটি ও ৫টি ইকোপার্কের নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে ওয়াকওয়ে, তীররক্ষা বাঁধ, ড্রেন, বসার বেঞ্চ, পায়ে হাঁটার সেতু ও ঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। এ সময় বিআইডব্লিউটিএর সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেন, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সাজেদুর রহমান, সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদারসহ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন, চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে ঢাকার নদীগুলো প্রাণ ফিরে পাবে এবং রাজধানী আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে উঠবে।



