এমসিজে ক্লাবের প্রথম বৈঠক অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি হাসনাইন খুরশেদের সভাপতিত্বে বৈঠকটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন। এতে পরিচালক ইলিয়াস খান, শাহনাজ শারমিন রিমভি, শারমিন আখতার, আহমেদ সাগর, মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, মহিউদ্দিন নিলয় ও শাকিল হাসান অংশ নেন।
ক্লাবের ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের অন্য পরিচালকরা হলেন জাহিদ নেওয়াজ খান জুয়েল, সাইদ ইসলাম, নুরুল করিম ভূইয়া ও শাহেদ আলম।
বৈঠকে কার্যনির্বাহী কমিটির পরিচালকদের দায়িত্ব বণ্টন, সাধারণ সদস্যপদ প্রদান এবং সদস্যদের জন্য বিশেষ নম্বর বরাদ্দের নীতিমালা চূড়ান্ত করা হয়। এ ছাড়া কয়েকটি সাবকমিটি গঠন করা হয়েছে।
দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন ও সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে ক্লাবটির সদস্য হতে পারবেন। আগ্রহীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে সাধারণ সদস্যপদ দেওয়া হবে।
সম্প্রতি অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) নিবন্ধন সম্পন্ন করেছে এমসিজে ক্লাব লিমিটেড। নিবন্ধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
ক্লাবের পরিচালকরা জানিয়েছেন, আগামী দিনে সদস্যদের সঙ্গে করপোরেট ইন্ডাস্ট্রির নেটওয়ার্কিং বাড়ানোর পাশাপাশি সদস্য ও তাঁদের পরিবারের চিত্তবিনোদনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।



