ক্রিয়েটিভপুলে স্টারকম বাংলাদেশের দুই সিলভার

সংগৃহীত ছবি
যুক্তরাজ্যভিত্তিক ক্রিয়েটিভপুল অ্যানুয়াল অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে স্টারকম বাংলাদেশ। স্যামসাংয়ের জন্য তৈরি ‘অ্যান অ্যাড দ্যাট ইরেজেস অ্যাডস’ ক্যাম্পেইনের জন্য দুটি বিভাগেই এ স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। এবারের আয়োজনে ওই দুই বিভাগে সিলভারই ছিল সর্বোচ্চ পুরস্কার।
স্যামসাংয়ের মিড-রেঞ্জ এ সিরিজ স্মার্টফোনের ‘অবজেক্ট ইরেজার’ ফিচারটি সহজভাবে মানুষের কাছে তুলে ধরতে ক্যাম্পেইনটি তৈরি করা হয়। প্রচলিত বিজ্ঞাপনের বদলে এতে ব্যবহারকারীদের বিজ্ঞাপনই মুছে ফেলার সুযোগ দেওয়া হয়। ক্যাম্পেইনের ওয়েবসাইটে থাকা বিজ্ঞাপন চিহ্নিত করে সরিয়ে দেওয়ার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ফিচারটির কার্যকারিতা অনুভব করতে পারেন।
স্টারকম বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি জটিল এআই ফিচারকে সহজে বোঝানোর পাশাপাশি বিজ্ঞাপনের অতিরিক্ত ভিড়কেও ক্যাম্পেইনের অংশ হিসেবে কাজে লাগানো হয়েছে। এর আগে কমওয়ার্ড ও ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৬-এ একই ক্যাম্পেইনের জন্য প্রতিষ্ঠানটি মোট নয়টি পুরস্কার পেয়েছে।
স্টারকম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী বলেছেন, মানুষের সঙ্গে সহজ যোগাযোগ তৈরি করে এবং বিজ্ঞাপনে নতুনত্ব আনে, এমন কাজ করাই তাদের লক্ষ্য। এ স্বীকৃতি পুরো দলের জন্য গর্বের এবং বাংলাদেশের বিজ্ঞাপন অঙ্গনের জন্যও আনন্দের বলে উল্লেখ করেছেন তিনি।
প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আহমেদুন ফায়েজ বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক স্বীকৃতি ভালো মানের কাজের প্রতি তাদের প্রতিশ্রুতির প্রতিফলন। ক্লায়েন্ট ও পার্টনারদের সহযোগিতা ও আস্থার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
ক্যাম্পেইনটির ডিরেক্টর আরএইচ সজীবের ভাষ্য, এআই ফিচারকে সাধারণ কোনো প্রযুক্তি হিসেবে নয়, মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার অংশ হিসেবে তুলে ধরাই ছিল মূল লক্ষ্য। আইডিয়া তৈরি থেকে শুরু করে মিডিয়া প্ল্যাটফর্ম নির্বাচন, প্রযুক্তি ও বাস্তবায়নের পুরো প্রক্রিয়ায় টিমের সম্মিলিত প্রচেষ্টা ছিল বলে উল্লেখ করেছেন তিনি।
ক্রিয়েটিভপুলে স্টারকম বাংলাদেশের এ সাফল্য নতুন নয়। ২০২৫ সালে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রার জন্য তৈরি ‘সামারিজ, জাস্ট লাইক দ্যাট!’ ক্যাম্পেইনের জন্যও প্রতিষ্ঠানটি এ প্রতিযোগিতায় স্বীকৃতি পেয়েছিল।



