সমন্বিত টোলিং ব্যবস্থা নিয়ে এডিবির সঙ্গে বৈঠক

সংগৃহীত ছবি
দেশের সড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে ও টানেলে সমন্বিত টোল আদায় ব্যবস্থা চালুর লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্য অনুসন্ধানী মিশনের সঙ্গে বৈঠক করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
আজ সোমবার সেতু ভবনে অনুষ্ঠিত বৈঠকে টোল আদায় ব্যবস্থার আধুনিকায়ন, ইলেকট্রনিক টোল আদায়, আন্তঃসংযোগযোগ্য টোল ব্যবস্থা, নগদবিহীন লেনদেন ও স্বয়ংক্রিয় টোল আদায় নিয়ে আলোচনা হয়।
মোহাম্মদ আবদুর রউফ উল্লেখ করেছেন, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমন্বিত টোলিং ব্যবস্থা গড়ে তোলা গেলে টোল আদায় আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে। একই সঙ্গে স্মার্ট সড়ক পরিবহন ব্যবস্থার প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামোও শক্তিশালী হবে।
এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্য অনুসারে, বাংলাদেশে একটি টেকসই সড়ক টোলিং ব্যবস্থা গড়ে তুলতে কারিগরি সহায়তা কার্যক্রমের আওতায় সমন্বিত টোলিং কৌশল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য অনুসন্ধানী মিশন দেশের বিদ্যমান টোল ব্যবস্থা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও প্রযুক্তিগত অবকাঠামো পর্যালোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ দেবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পদ্মা সেতুতে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ইলেকট্রনিক, নগদবিহীন ও বিরতিহীন টোল পরিশোধ ব্যবস্থা চালু রয়েছে। RFID-ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে টোল প্লাজায় না থেমেই যানবাহনের টোল পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।
এর আগে চলতি বছরের জুনে সেতু বিভাগে অনুষ্ঠিত এক সভায় দেশের বিভিন্ন সড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে ও টানেলের টোল আদায় ব্যবস্থাকে একটি একক ও আন্তঃসংযোগযোগ্য নেটওয়ার্কের আওতায় আনার বিষয়ে উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ নিয়ে আলোচনা হয়।



