দুবলার চরে রাস উৎসব ঘিরে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা

সংগৃহীত ছবি
সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ টহলদল মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।
আজ সোমবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, উৎসব নির্বিঘ্ন করতে কোস্ট গার্ডের জাহাজ, নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহল দেওয়া হচ্ছে। বন্যপ্রাণী শিকার প্রতিরোধেও বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পরিচালিত ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ অভিযানে এ পর্যন্ত ৪৩ বনদস্যুকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। এ ছাড়া দস্যুদের হাতে জিম্মি ৬৩ জেলে, দুই পর্যটক ও একজন রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সাতটি বনদস্যু বাহিনীর ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে।
রাস উৎসব চলাকালে জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।



