সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা ও ঋণ আদায় কৌশল নিয়ে সভা

সংগৃহীত ছবি
গ্রাহকসেবার মান বাড়ানো, ব্যবসা সম্প্রসারণ এবং সম্পদের গুণগত মান নিশ্চিত করে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সিলেটে এনআরবিসি ব্যাংক পিএলসির ‘বিজনেস রিভিউ অ্যান্ড রিকভারি স্ট্র্যাটেজি মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সিলেটের একটি হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।
সভায় স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. তারিকুল ইসলাম খান, সিলেট জোনের প্রধান মো. আরিফুর রহমান এবং জোনের আওতাধীন শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
সভায় সিলেট জোনের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, সম্পদের গুণগত মান, গ্রাহকসেবা এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি চলমান বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করে ব্যবসা ও ঋণ আদায় বাড়াতে করণীয় ও বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
সভায় ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ব্যবসা বাড়ানোর পাশাপাশি সেবা ও সম্পদের গুণগত মানও নিশ্চিত করতে হবে। ঋণ দেওয়ার আগে যথাযথ যাচাই-বাছাই, নিয়মিত গ্রাহক তদারকি এবং সময়মতো ঋণ আদায়ের ওপর গুরুত্ব দিতে হবে।
কোনো ঋণ যাতে অনিয়মিত বা খেলাপি হওয়ার পর্যায়ে না যায়, সে জন্য শাখা ও উপশাখা পর্যায়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, ঋণ আদায় শুধু পুনরুদ্ধার বিভাগের দায়িত্ব নয়; এটি ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তার সম্মিলিত দায়িত্ব। গ্রাহকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের ব্যবসায়িক পরিস্থিতি বুঝতে হবে এবং প্রয়োজন অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে হবে।
একই সঙ্গে নতুন ব্যবসা অর্জনের ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যাংকের নীতিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন তিনি। নিজ নিজ লক্ষ্যমাত্রা অর্জনে শাখা ও উপশাখার ব্যবস্থাপকদের আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও গ্রাহককেন্দ্রিক ভূমিকা পালনের ওপরও গুরুত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।







