এস রহমান প্রপার্টিজের নতুন কার্যালয় উদ্বোধন, এসআরপি টাওয়ারের শেয়ার বিক্রি শুরু

সংগৃহীত ছবি
বসুন্ধরা আবাসিক এলাকার জেসিএক্স বিজনেস টাওয়ারের ১২তম তলায় এস রহমান প্রপার্টিজের নতুন নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বসুন্ধরার এল ব্লকে ৩০ তলাবিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবন ‘এসআরপি টাওয়ার’ প্রকল্পের শেয়ার বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব ও বিশিষ্ট ইসলামি স্কলার শাহ ফতেহ আলী আয়াতুল্লাহ সিদ্দিকী আল কোরাইশী। বিশেষ অতিথি ছিলেন আল-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়েখ উসামা খন্দকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান এস এম সাহিদুর রহমান। তিনি বলেন, আবাসন, বাণিজ্যিক স্থাপনা ও স্বাস্থ্যসেবা খাতে পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি কাজ করছে। শেয়ারভিত্তিক প্রকল্পের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে।
তিনি প্রতিষ্ঠানের চলমান তিনটি কনডমিনিয়াম ও দুটি বাণিজ্যিক প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি নতুন বাণিজ্যিক উদ্যোগ হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে ৩০ তলাবিশিষ্ট ‘এসআরপি টাওয়ার’ নির্মাণের কথা জানান। ১৩০ ফুট প্রশস্ত সড়কের দক্ষিণ প্রান্তে ২২ দশমিক ৫৫ কাঠা জমির ওপর নির্মাণাধীন ভবনটি ৫৬ বিঘা আয়তনের একটি থিম পার্কের বিপরীতে অবস্থিত। প্রকল্পটির প্রতিটি ফ্লোরে ২ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারটি করে ইউনিট থাকবে। তিনি জানান, এ প্রকল্পের শেয়ার বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এ সময় তিনি ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটাল’র অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ডায়াগনস্টিক সেন্টার, বহির্বিভাগ, জরুরি চিকিৎসাসেবা ও চিকিৎসকদের চেম্বার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পাশাপাশি নার্সিং কলেজ, ডরমিটরি, আধুনিক স্টুডিও অ্যাপার্টমেন্ট ও স্বল্প ব্যয়ের আবাসন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া দেশের ওষুধশিল্পে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্বমানের আধুনিক ওষুধ উৎপাদন কারখানা প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চিকিৎসা, শিক্ষা, আবাসন ও ওষুধশিল্পের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণমূলক অবকাঠামো গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চেয়ারম্যান বলেন, এ প্রকল্পের অন্যতম লক্ষ্য দেশের মানুষের জন্য সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা, যাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসে। পাশাপাশি অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসাসহায়তায় হাসপাতালের কল্যাণ তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে শায়েখ উসামা খন্দকার এস রহমান প্রপার্টিজের বিভিন্ন উদ্যোগের সফলতা কামনা করেন। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের হাসপাতালের কল্যাণ তহবিলে সদকায়ে জারিয়া হিসেবে শেয়ার ক্রয়ের মাধ্যমে অনুদান দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপটির এক্সিকিউটিভ ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স) সৈয়দ ফরহাদ আলী রেজা। তিনি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন।
প্রধান অতিথি শাহ ফতেহ আলী আয়াতুল্লাহ সিদ্দিকী আল কোরাইশী তাঁর বক্তব্যে এস রহমান প্রপার্টিজের সব প্রকল্পের কাজ সহজ, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। বিশেষ করে বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটালের শেয়ার বিক্রয় কার্যক্রম ও নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য প্রার্থনা করেন। একই সঙ্গে হাসপাতালের কল্যাণ তহবিলে শেয়ার ক্রয়ের মাধ্যমে অনুদান দিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে চেয়ারম্যান এস এম সাহিদুর রহমান এসআরপি টাওয়ার প্রকল্পের শেয়ার বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।



