ক্লাস্টার অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের তহবিলে যুক্ত হলো এসবিএসি ব্যাংক

সংগৃহীত ছবি
ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার অর্থায়ন পুনঃঅর্থায়ন তহবিলে অংশ নিতে চুক্তি করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।
সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈনুল কবীর এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এই চুক্তির ফলে এসবিএসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ঋণসুবিধা দিতে পারবে। এর মাধ্যমে সিএমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও ইভিপি মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।






