তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ উদ্বোধন

সংগৃহীত ছবি
ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা পিনাকল টাওয়ারে ‘তেজগাঁও প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। এই ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীতে ব্যাংকটির ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী হলো।
এই শাখাটির উদ্বোধন গ্রাহককেন্দ্রিক এবং বিশ্বমানের ব্যাংকিং সেবা প্রদানে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান ফ্ল্যাগশিপ শাখাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তা হোল্ডিংসের এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রুপ ফাইন্যান্স) এম আনিসুল হক, ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম মাসুদ রানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন এবং ব্র্যাক ব্যাংক ও শান্তা হোল্ডিংসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের প্রথম ৪০ তলা কমার্শিয়াল স্কাইস্ক্র্যাপার ‘শান্তা পিনাকল’-এ অবস্থিত এই শাখাটি গ্রাহকদের প্রিমিয়াম ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে। শাখাটিতে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সল্যুশন, যার মধ্যে অন্যতম হলো ব্যাচের সঙ্গে সংযুক্ত বাংলাদেশের প্রথম ডিজিটাল ক্লিয়ারিং চেক কিয়স্ক।
এ ছাড়া গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের জন্য এখানে রয়েছে একটি সুসজ্জিত প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জ, আধুনিক কিউ ম্যানেজমেন্ট সিস্টেম এবং একটি ডেডিকেটেড ডিজিটাল কর্নার।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বললেন, আমাদের লক্ষ্য দেশজুড়ে নেটওয়ার্ক বিস্তৃতিত মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সুবিধাজনক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া। ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণের সাথে উন্নত ডিজিটাল সক্ষমতার সমন্বয় ঘটিয়ে আমরা গ্রাহকদের আধুনিক ও সর্বোচ্চ ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দিতে চাই।




