ডিজিটাল কৌশল ও উদ্ভাবন নিয়ে ঢাকায় বড় আয়োজন

সংগৃহীত ছবি
রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজন ১২তম ডিজিটাল সামিট। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর পরিবেশনায় এবং ওয়ালটন রেফ্রিজারেটরের সঞ্চালনায় আয়োজিত এই সামিটে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপন ও বিপণন পেশাজীবী, ব্যবসায়িক নেতা, প্রযুক্তিবিদ, যোগাযোগ বিশেষজ্ঞ এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা।
“রিথিংকিং ডিজিটাল – স্ট্র্যাটেজি, স্টোরি অ্যান্ড সায়েন্স” প্রতিপাদ্যে আয়োজিত এবারের সামিটে ডিজিটাল রূপান্তরের বর্তমান বাস্তবতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবর্তিত ভোক্তা আচরণ, প্ল্যাটফর্ম পরিবর্তন এবং প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয় নিয়ে দিনব্যাপী আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেছেন, ডিজিটাল এখন শুধু একটি চ্যানেল নয়, বরং প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধি, আস্থা এবং প্রাসঙ্গিকতার ভিত্তি হয়ে উঠেছে। দ্রুত পরিবর্তনশীল এই সময়ে টিকে থাকতে হলে কৌশলগত স্পষ্টতা, সৃজনশীলতা এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ একসঙ্গে প্রয়োজন।
সামিটে তিনটি কিনোট সেশন, তিনটি প্যানেল আলোচনা, তিনটি ইনসাইট সেশন, দুটি কেস স্টাডি এবং একটি এক্সপার্ট ডিপ ডাইভ অনুষ্ঠিত হয়। কিনোট সেশনে বক্তব্য দেন কাজী মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর ফারুক, এক্স ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সির চিফ অপারেটিং অফিসার ও পরিচালক দ্রাবির আলম এবং টিকটকের ইমার্জিং মার্কেট পার্টনারশিপ বিভাগের প্রধান সালেহ ঘানায়েম।
সেশনগুলোতে আলোচিত হয় অ্যালগরিদম-নির্ভর বিশ্বে মানবকেন্দ্রিক প্রবৃদ্ধি, সোশ্যাল ফার্স্ট মার্কেটিং কৌশল, ক্রিয়েটর ইকোনমির বিকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং ব্র্যান্ড এনগেজমেন্টের ভবিষ্যৎ।
প্যানেল ও ইনসাইট সেশনে অংশ নেন গুগল বাংলাদেশ ও শ্রীলঙ্কার পার্টনার ডিরেক্টর আহসানুর রহমান, অ্যাক্সেনটেক পিএলসির হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মুনাফ মোজিব চৌধুরী, ইগনিশিয়া থ্রি সিক্সটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দা উম্মে সালমা ঝুমুর, গিকি সোশ্যালের ব্যবস্থাপনা পরিচালক মাহাদী হাসান সাগর, এফসিবি বিটোপির নির্বাহী পরিচালক ইমতিয়াজ খান ইমরান, ফাস্টকম এআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইয়াসিন নুর এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের অধ্যাপক রফিউদ্দিন আহমেদসহ অনেকে।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ মাহবুব বলেছেন, ডিজিটাল এখন প্রতিষ্ঠানগুলোর কৌশলগত ভিত্তি হয়ে উঠেছে। প্রযুক্তি ও ভোক্তা আচরণের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে সৃজনশীলতা, কৌশলগত চিন্তা ও তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ জরুরি।
২০১৪ সালে যাত্রা শুরু করা ডিজিটাল সামিট এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনেও ডিজিটাল কৌশল, প্রযুক্তি, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ মার্কেটিং প্রবণতা নিয়ে বৈচিত্র্যময় আলোচনা হয়।
আয়োজনের পরিবেশনায় ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), সঞ্চালনায় ওয়ালটন রেফ্রিজারেটর, স্ট্র্যাটেজিক পার্টনার অ্যালেফ গ্রুপ ইনক., বিবিএফ সিএমও ক্লাব, ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং এশিয়া মার্কেটিং ফেডারেশন। নলেজ পার্টনার ছিল মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ, হসপিটালিটি পার্টনার লা মেরিডিয়ান ঢাকা, অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার টার্কিশ এয়ারলাইনস এবং পিআর পার্টনার ব্যাকপেজ পিআর।




