ওয়েস্টার্ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হলো লিডস করপোরেশন

সংগৃহীত ছবি
আইনি জটিলতা কাটিয়ে নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে দেশের ফিনটেক ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান লিডস করপোরেশন লিমিটেড। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ওয়েস্টার্ন গ্রুপ লিডস করপোরেশনের শতভাগ শেয়ার অধিগ্রহণ করে প্রতিষ্ঠানটিকে নিজেদের ১৮তম অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
২০২৪ সালের জুলাইয়ে ওয়েস্টার্ন গ্রুপ শেয়ার অধিগ্রহণ করলেও লিডসের কোর ব্যাংকিং সফটওয়্যার 'BankUltimus'-এর মালিকানা স্বত্ব নিয়ে একটি মামলা বিচারাধীন ছিল। গত ২৭ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এক রায়ে নিম্ন আদালতের ক্রোক সংক্রান্ত আদেশ বাতিল ঘোষণা করেন। এর ফলে সফটওয়্যারটির পূর্ণ স্বত্ব ও মালিকানা লিডস করপোরেশনের অনুকূলে সুরক্ষিত হয় এবং প্রতিষ্ঠানটির পথচলার সব আইনি বাধা দূর হয়।
এ বিষয়ে ওয়েস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ জানান, লিডস করপোরেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানের সফটওয়্যার রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বৈদেশিক মুদ্রার বহিঃপ্রবাহ কমানো সম্ভব হবে।
লিডস করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েস্টার্ন গ্রুপের পরিচালক নাফিদ আহমেদ অনন্য জানান, ব্যাংকিং খাতের আধুনিকায়নে তারা 'FingineX' নামে নতুন ইউনিভার্সাল ব্যাংকিং সিস্টেম উদ্ভাবন করেছেন, যা যেকোনো আন্তর্জাতিক মানের ব্যাংকিং সফটওয়্যারের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম।
লিডসের সিইও আনিসুর রহমান খান বলেন, প্রতিষ্ঠানটি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি দক্ষ ও মানসম্পন্ন সেবার পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে যাচ্ছে।
তিন দশকের বেশি সময় ধরে ব্যাংকিং ও ফিনটেক খাতে সেবা দিয়ে আসা লিডস করপোরেশনের তৈরি কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি মিলে মোট ১৩টি ব্যাংকে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকও আধুনিক অনলাইন সিবিএস চালুর লক্ষ্যে লিডস করপোরেশনের সাথে চুক্তি করেছে।






