জহিরুল হক মাস্টার ট্রাস্ট থেকে হুইলচেয়ার পেলেন প্রতিবন্ধী দোকানদার

বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের পর হুইলচেয়ার পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিবন্ধী দোকানদার দীপঙ্কর দেবনাথ। তার হাতে হুইলচেয়ার তুলে দিয়েছে জহিরুল হক মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট।
জিনদপুর ইউনিয়নের হুরুয়া (উত্তরপাড়া) গ্রামের দীপঙ্কর নিজ বাড়িতেই দিয়েছেন ছোট দোকান। বাড়ি ও দোকানে চলাফেরার জন্য ছিল হুইলচেয়ার। সেটি নষ্ট হয়ে যাওয়ায় তার চলাফেরা ও কাজে ঘটছিল ব্যাঘাত। তাকে নিয়ে সংবাদ প্রকাশ হলে এগিয়ে আসে জহিরুল হক মাস্টার ট্রাস্ট।
সংস্থার প্রধান নির্বাহী রিফাতুল হক মঙ্গলবার দীপঙ্করের বাড়িতে গিয়ে তার হাতে তুলে দেন নতুন হুইলচেয়ার। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর জনতা ব্যাংকের ম্যানেজার ও ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক ও আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সরকারি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন।
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত দীপঙ্কর বললেন, ‘এত দ্রুত কেউ আমার পাশে দাঁড়াবে, তা আমি কল্পনাও করিনি। ট্রাস্টের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই হুইলচেয়ার আমার চলাফেরা ও জীবিকা নির্বাহে অনেক সহায়ক হবে।’
ট্রাস্টের প্রধান নির্বাহী বললেন, ‘আমরা সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছি। দীপঙ্করের মতো মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’




