চার দফা দাবিতে বাংলাদেশ কৃষি ব্যাংকে বিক্ষোভ

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন বি-৯৮৫ (সিবিএ)। শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে কর্মচারী নিয়োগ, নতুন অর্গানোগ্রাম প্রণয়ন, আউটসোর্সিং শ্রমিকদের ব্যাংকের আওতায় আনা এবং নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপসারণসহ চার দফা দাবি তুলে ধরা হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন বক্তব্য দেন। সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত বলে জানানো হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, কর্মচারীদের স্বার্থে বাংলাদেশ কৃষি ব্যাংকে দ্রুত নতুন করে কর্মচারী নিয়োগ দিতে হবে। একই সঙ্গে ব্যাংকের কার্যক্রম ও জনবলের প্রয়োজন বিবেচনায় দ্রুত নতুন অর্গানোগ্রাম প্রণয়নের দাবি জানান তারা।
এ সময় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত শ্রমিকদেরও ব্যাংকের আওতায় আনার দাবি জানানো হয়। সংগঠনের নেতারা অভিযোগ করেন, আউটসোর্সিং শ্রমিকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্যে কাজ করছেন। তাদের দাবি, ‘আওয়ামী ঠিকাদারদের হাত থেকে’ এসব শ্রমিককে মুক্ত করে ব্যাংকের আওতায় আনতে হবে।
এ ছাড়া নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়। সংগঠনটির ভাষ্য, ‘আওয়ামী ফ্যাসিস্ট’ হিসেবে চিহ্নিত নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ ও বাধ্যতামূলক অবসর দিতে হবে।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মচারী নিয়োগ এবং নতুন অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
পরে কর্মসূচিতে উত্থাপিত চার দফা দাবি বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে উপস্থাপন করা হয়। দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা।



