বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালক হলেন আবিদ হোসেন খান ও নুরুন নাহার

মো. আবিদ হোসেন খান ও নুরুন নাহার ওসমানী
মো. আবিদ হোসেন খান, এফসিএ এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ নুরুন নাহার ওসমানী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দিয়েছে।
আবিদ হোসেন খান অর্থ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ পেশাজীবী। আর্থিক ব্যবস্থাপনা, কর ব্যবস্থাপনা, ট্রেজারি ও করপোরেট গভর্ন্যান্সে তার ২০ বছরের বেশি পোস্ট-কোয়ালিফিকেশন অভিজ্ঞতা রয়েছে। তিনি গ্রামীণফোন, বাংলালিংক, এসটিএস গ্রুপ ও ঢাকা স্টক এক্সচেঞ্জে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
নুরুন নাহার ওসমানী ১৯৮৩ সালে বাংলাদেশ বিচার বিভাগে যোগ দেন। দীর্ঘ ৩৩ বছর বিচারিক দায়িত্ব পালনের পর ২০১৬ সালে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। তিনি শ্রম আপিল ট্রাইব্যুনালের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ছিলেন।
এ ছাড়া ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ উইমেন জাজেস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন নুরুন নাহার ওসমানী।



