ওয়ালটনের সমন্বিত সোলার ইকোসিস্টেম উন্মোচন

‘ওয়ালটন সোলার ইকোসিস্টেম’ উন্মোচন করছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: ওয়ালটন
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎসাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ার মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে টেক জায়ান্ট ওয়ালটন। সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন, সঞ্চয় ও জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়ির দৈনন্দিন ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকোসিস্টেম’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
গতকাল শনিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই ইকোসিস্টেম উন্মোচন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি ও তাহমিনা আফরোজ তান্না উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অর্থমন্ত্রী ওয়ালটনের ভূয়সী প্রশংসা করে বলেছেন, সোলারের মাধ্যমে ওয়ালটন যা করছে, তা সারা দেশে হতে যাচ্ছে। আগামী দুয়েক বছরে দেশে বড় অঙ্কের বিদ্যুৎ উৎপাদন হবে। এতে কম খরচে জনগণের চাহিদা মেটানো সম্ভব হবে এবং জ্বালানি আমদানি কমার ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
নিজস্ব কারখানায় রুফটপ ও ভাসমান সোলার প্রকল্পের মাধ্যমে ৩২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন করছে ওয়ালটন, যা দেশের বড় একটি জেলা শহরের মোট বিদ্যুৎ চাহিদার সমান। উৎপাদিত বিদ্যুতের বড় অংশ নিজস্ব কারখানায় ব্যবহারের পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডেও বছরে গড়ে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করছে তারা।
ওয়ালটনের এই ইকোসিস্টেম ব্যবস্থায় হাইব্রিড প্রযুক্তিতে চলবে এসি, ফ্রিজ ও স্মার্ট টিভি। পর্যাপ্ত সূর্যালোক থাকলে সরাসরি সৌরবিদ্যুতেই এগুলো চলবে; ঘাটতি থাকলে স্বয়ংক্রিয়ভাবে গ্রিড থেকে বিদ্যুৎ নেবে। এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস) প্রযুক্তির সমন্বয়ে দিনের বেলায় উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করে গৃহস্থালির নানা কাজে ব্যবহার করা যাবে। এর সঙ্গে সমন্বয় করে নতুন মডেলের ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার ও বিএলডিসি ফ্যানের মতো পণ্য চালানো যাবে। ইনভার্টার ব্যাটারিতে সোলার ও এসি চার্জার সমন্বিত থাকায় উভয় উৎস থেকেই ব্যাটারি চার্জ করা যাবে। এ ছাড়া তাকিওন ই-বাইকে বহুমুখী এনার্জি সল্যুশন সমৃদ্ধ ব্যাটারি এবং সৌরবিদ্যুতের নিরাপদ সঞ্চালনের জন্য ইউভি রশ্মি প্রতিরোধী বিশেষ সোলার কেবলও তৈরি করেছে ওয়ালটন।
ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামসুল আলম বলেছেন, এটি গ্রাহকদের বিদ্যুৎ বিল সাশ্রয় এবং সবুজ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।



