একসময় ক্যাসিনোর মতো হয়ে উঠেছিল শেয়ারবাজার : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত বছরগুলোর অনিয়ম ও কারসাজির কারণে এ বাজারের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে শেয়ারবাজার অনেকটা ক্যাসিনোর মতো হয়ে উঠেছিল। এতে ভালো ও মানসম্পন্ন অনেক কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহ হারায়।
আজ রবিবার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে ‘পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারের নিয়ন্ত্রক কাঠামো সংস্কার করা হয়েছে। নতুন কমিশদন গঠন করা হয়েছে। কমিশনটি স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত। এতে কোনো রাজনৈতিক নিয়োগ নেই।
‘শেয়ারবাজারকে শক্তিশালী করতে আরও ভালো ও মানসম্পন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে’, সংস্কারের পর বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারে ফিরছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।
বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াল স্ট্রিটে বিশ্বের শীর্ষস্থানীয় তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, ওই বৈঠকে ১৭টি শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৩৬ ট্রিলিয়ন মার্কিন ডলার।
তিনি আরও বলেন, ‘এটি বাংলাদেশের প্রতি আস্থার প্রতিফলন। তারা বিশ্বাস করেন, বাংলাদেশের ভবিষ্যৎ রয়েছে এবং দেশের শেয়ারবাজারেও সম্ভাবনা আছে।’
অর্থনীতি নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলছিলেন, অর্থনীতির পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এ মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার। এ প্রক্রিয়ায় আরও কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর থাকতে পারে। তবে অর্থনীতি পুনরুদ্ধারের স্বার্থে এ বাস্তবতা মেনে নিয়েই সরকারকে এগোতে হবে।
তিনি বলেন, ‘আমরা এখন অর্থনৈতিক পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছি এবং ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছি। এ মুহূর্তে আমাদের প্রথম কাজ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে। আমাদের এ বাস্তবতা মেনে নিতে হবে।’
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। সভাপতিত্ব করেন জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন। পরিকল্পনা কমিশনের সদস্যরাও অনুষ্ঠানে বক্তব্য দেন।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেল, গ্যাস ও সারের মতো প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার বড় ধরনের আর্থিক চাপের মুখে রয়েছে। আন্তর্জাতিক বাজারে বেশি দামে এসব পণ্য কিনতে গিয়ে সরকারি কোষাগারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিদিনই সংকট সামাল দিতে হচ্ছে। বিপুল পরিমাণ তেল ও গ্যাস কিনতে হচ্ছে। বেশি দামে এসব পণ্য আমদানি করায় সরকারি অর্থের ওপর প্রচণ্ড চাপ পড়ছে।’
মূল্যস্ফীতি নিয়ে আমির খসরু বলেছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশকে আমদানির মাধ্যমেও মূল্যস্ফীতির চাপ বহন করতে হচ্ছে। আমদানিজনিত মূল্যস্ফীতি সরকারের সরাসরি নিয়ন্ত্রণে নেই। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কিছুটা সুযোগ রয়েছে।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের ওপর শুল্ক কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতির চাপ কমানোর চেষ্টা চলছে। তবে মূল্যস্ফীতি আরও কমিয়ে আনা জরুরি।
অর্থমন্ত্রী বলেন, সরকারের প্রথম বছরটি অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা অর্জনের জন্য বিশেষভাবে কঠিন হবে। তবে পরবর্তী বছরগুলোতে অর্থনীতিতে আরও শক্তিশালী গতি ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, ‘প্রথম বছরটি খুব কঠিন হবে। কিন্তু চতুর্থ বা পঞ্চম বছরেও যদি বলি আমরা পুনরুদ্ধার বা স্থিতিশীলতার পর্যায়ে রয়েছি, তা হতে পারে না। চতুর্থ ও পঞ্চম বছর হতে হবে আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে।’
অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরার ক্ষেত্রে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, অগ্রগতির চিত্র দেখাতে সরকার কোনো বিভ্রান্তিকর পরিসংখ্যান উপস্থাপন করবে না। অর্থনীতির প্রকৃত অবস্থা জনগণের সামনে তুলে ধরতে হবে।
তিনি বলেন, ‘একটি উন্মুক্ত সরকারের লুকানোর কিছু নেই। তথ্য গোপন করে কোনো সরকার দেশ পরিচালনা করতে পারে না। ভুল পরিসংখ্যান দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইলে শেষ পর্যন্ত সরকারেরই ক্ষতি হবে।’
অর্থমন্ত্রী বলেন, পুনরুদ্ধার প্রক্রিয়ায় অর্থনীতির কিছু সূচক প্রত্যাশার তুলনায় দুর্বল থাকতে পারে। তবে কেন এমন হচ্ছে, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। একই সঙ্গে পরিস্থিতি সংশোধনে সরকার সঠিক পথে এগোচ্ছে কি না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে উন্নতি করা হবে, তা জনগণকে জানাতে হবে।
ব্যাংক খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও আর্থিক দায়ের কারণে এ খাতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ধাপে ধাপে পুনরুদ্ধার প্রক্রিয়া চালাতে হবে।
তিনি বলেন, এ মুহূর্তে সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার আশঙ্কা একসময় এ খাতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আমানতকারীদের আশ্বস্ত করেছি, তাদের টাকা নিরাপদ এবং তারা তা ফেরত পাবেন। কোনো ধরনের হেয়ারকাট বা আমানতের অর্থ কেটে রাখা হবে না। তাদের কিছুটা ধৈর্য ধরতে হবে।’
সরকারের এ আশ্বাসের ফলে ব্যাংক খাতে আস্থা ফিরতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন ব্যাংকগুলোতে নিট আমানতের প্রবাহ বাড়ছে।



