১০ বছরে উবারে ২১ কোটি ট্রিপ, আয় করেছেন ৪ লাখ ৭০ হাজার মানুষ

সংগৃহীত ছবি
বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছরে উবারের মাধ্যমে ২১ কোটি ২৬ লাখ ট্রিপ সম্পন্ন হয়েছে। এ সময়ে ৯০ লাখ ৪০ হাজার যাত্রী সেবা নিয়েছেন এবং চালকসহ ৪ লাখ ৭০ হাজার মানুষ প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মের মাধ্যমে আয় করেছেন। আর ১৮৩ কোটির বেশি কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন উবারের চালক অংশীদাররা।
আজ সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদ্যাপন করে উবার। ‘ফিউচার অব মোবিলিটি ইন বাংলাদেশ: দ্য নেক্সট ১০ ইয়ার্স’ শীর্ষক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলওয়েবিষয়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।
অনুষ্ঠানে মীর হেলাল উদ্দীন বলেন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক যাতায়াত নিশ্চিত করতে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের বিকল্প হিসেবে প্রতিষ্ঠানটির সেবা মানুষের দৈনন্দিন চলাচল সহজ করেছে।
হাবিবুর রশীদ বলেন, প্রযুক্তির মাধ্যমে যাতায়াত সহজ ও নিরাপদ করতে উবার ভূমিকা রাখছে। মানুষের যাতায়াতের সময় ও ভোগান্তি কমানোর পাশাপাশি দেশের পরিবহনব্যবস্থার আধুনিকায়নেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে পারে।
উবার বাংলাদেশের কান্ট্রি হেড এস এম জামশেদ হাসান বলেন, গত ১০ বছরে বাংলাদেশের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে উবার। আগামী দিনেও যাতায়াত সহজ ও নির্ভরযোগ্য করার পাশাপাশি প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন আয়ের সুযোগ তৈরিতে গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি।
২০১৬ সালের নভেম্বরে ঢাকায় যাত্রা শুরু করে উবার। বর্তমানে ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। কার, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াতের পাশাপাশি আন্তশহর ভ্রমণ, গাড়ি ভাড়া ও পার্সেল সরবরাহের সেবাও চালু করেছে তারা।



