দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ চায় ডিসিসিআই

সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং নতুন নতুন পণ্যের বাজার তৈরিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ লক্ষ্যে দুদেশের বেসরকারি খাতের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি।
গত সোমবার ডিসিসিআইর গুলশান সেন্টারে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক আনিল সুকলালের সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় উঠে আসে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিসিসিআই।
সাক্ষাৎকালে তাসকীন আহমেদ বললেন, বিদ্যমান বাণিজ্যের পরিমাণ সন্তোষজনক হলেও বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, ব্যবসায়িক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বেসরকারি খাতের অধিকতর সম্পৃক্ততার মাধ্যমে দুদেশের বাণিজ্য সম্প্রসারণ ও পণ্য বৈচিত্র্যকরণের ব্যাপক সুযোগ রয়েছে।
ডিসিসিআই সভাপতি ওষুধ, জুতা, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, সিরামিক, বাইসাইকেল, হিমায়িত সামুদ্রিক খাদ্য এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে দুদেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক আনিল সুকলাল বাংলাদেশের উদ্যোক্তাদের দক্ষিণ আফ্রিকা থেকে প্লাটিনাম, স্বর্ণ, হীরা, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, লৌহ আকরিকসহ বিভিন্ন খনিজ সম্পদ আমদানির আহ্বান জানিয়েছেন।
হাইকমিশনার বললেন, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি হস্তান্তর, ড্রেজিং প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত আর্থিক ও ডিজিটাল সেবাসহ বিভিন্ন খাতে দুদেশের উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উভয় দেশের মধ্যে খাতভিত্তিক ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের প্রস্তাবও দেন তিনি।



