দেশে ফার্নেস অয়েলের দাম বাড়ল

সংগৃহীত ছবি
ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা ৫৪ পয়সা।
আজ সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। এদিন বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ এপ্রিল হতে ১২ মে সময়ের মধ্যে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের মে মাসের ক্রুড অয়েলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় সমন্বয় করা হয়েছে ফার্নেস অয়েলের এই মূল্যহার। এই মূল্য সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করেছিল বিইআরসি।
এর আগে গত ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ৯৪ টাকা ৬৯ পয়সা।
আমদানি করা ফার্নেস অয়েলের একটি বড় অংশ ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে। এই দাম বৃদ্ধির ফলে বিদ্যুতের দামের ওপর প্রভাব পড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




