দেশীয় ফ্রেইট ফরওয়ার্ডারদের সুরক্ষায় তিন দফা

দেশীয় ফ্রেইট ফরওয়ার্ডারদের সুরক্ষায় শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে নতুন করে লাইসেন্স না দেওয়া, মোট বিলের ওপর ১ শতাংশ উৎসে কর প্রত্যাহার এবং অভ্যন্তরীণ লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা)। গতকাল রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বাফার নেতাদের আশঙ্কা, ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে শতভাগ বিদেশি মালিকানার সুযোগ দেওয়া হলে তিন দশকে গড়ে ওঠা প্রায় ১ হাজার ৩০০ দেশীয় প্রতিষ্ঠান বহুজাতিক কোম্পানির সঙ্গে অসম প্রতিযোগিতায় পড়বে। এতে বিদেশি কোম্পানির মুনাফা বিদেশে চলে যাওয়ার সুযোগ তৈরি হয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়াবে। তাই বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগের মতো ৬০ শতাংশ দেশীয় মালিকানা বহাল রাখার দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে বাফার উপদেষ্টা কবির আহমেদ বলেছেন, ফ্রেইট ফরওয়ার্ডিং প্রতিষ্ঠানের মোট বিলের পুরোটা তাদের আয় নয়। এর বড় একটি অংশ এয়ারলাইনস, শিপিং লাইনসহ অন্যান্য সেবাদাতার প্রাপ্য। তাই মোট বিলের ওপর ১ শতাংশ কর আরোপ দেশীয় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের কার্যকর মূলধনে চাপ সৃষ্টি করছে।
তিনি প্রকৃত আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কর কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছেন। পাশাপাশি যেসব অভ্যন্তরীণ সেবার মূল্য বাংলাদেশি মুদ্রায় পরিশোধ সম্ভব, সেখানে ডলারের ব্যবহার কমানোর প্রস্তাব দিয়েছেন তিনি।
নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে দেওয়া হবে আরও বড় কর্মসূচি।



