নীতি সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা

গ্রাফিকস: আগামীর সময়
নানা পদক্ষেপের পরও কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি দেশের মূল্যস্ফীতি। বর্তমান মূল্যস্ফীতির হার ধরে রাখা নিয়েও রয়েছে শঙ্কা। উল্টো সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক অস্থিরতার জেরে তা ফের বেড়ে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। শুধু সুদহার বদলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে এবং উৎপাদনশীল খাতে ঋণের প্রবাহ বাড়াতে নীতি সুদহার (সাড়ে ৯ শতাংশ) অপরিবর্তিত রেখে প্রথমবারের মতো ত্রৈমাসিকভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক।
গতকাল বুধবার অক্টোবর-ডিসেম্বর সময়ের জন্য এই মুদ্রানীতি ঘোষণা করেছেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। পণ্যমূল্যে স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আর্থিক খাতের স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য রাখার ওপর জোর দেওয়া হয়েছে ঘোষিত নীতিতে।
বাংলাদেশ ব্যাংকের নীতিগত অবস্থানে বলা হয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর নিবিড় নজর রেখে তথ্য-উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে নির্দিষ্ট খাতে ঋণ সহায়তা, আর্থিক খাতের সংস্কার ও শক্তিশালীকরণ এবং বিনিময়হারের নমনীয়তা সুশৃঙ্খলভাবে বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে। এই অবস্থায় আগামী তিন মাসে মূল্যস্ফীতির গতিপথ, বেসরকারি ঋণের চাহিদা, বিনিয়োগ পরিস্থিতি ও বৈদেশিক খাতের অবস্থার ওপর নির্ভর করবে কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী নীতিগত পদক্ষেপ।
অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে বিভিন্ন খাতে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।



