দুর্গাপূজার সঙ্গে সাপ্তাহিক ছুটি, টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

গ্রাফিকস: আগামীর সময়
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের তফসিলি ব্যাংক। গত ১১ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ব্যাংক বন্ধ থাকবে।
এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে।
সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এ কার্যক্রম চালু রাখতে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ব্যাংকগুলো।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
ব্যাংক বন্ধ থাকার দিনগুলোতে দেশের দুটি শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম এক্সচেঞ্জের (সিএসই) কোনো রকম লেনদেন হবে না।
কারণ, শেয়ারবাজারের লেনদেন ব্যাংকের লেনদেনের সঙ্গে সম্পৃক্ত। সে অনুযায়ী শেয়ারবাজারও টানা পাঁচ দিন বন্ধ থাকবে।



