এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকসুদুর রহমান সরকার

অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার। ছবি: সংগৃহীত
এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
অধ্যাপক মাকসুদুর রহমান সরকার একজন শিক্ষাবিদ, গবেষক ও হিসাববিদ। আর্থিক খাতের এ বিশেষজ্ঞের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন জার্নালে ৩৫টির বেশি নিবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর রচিত ‘ক্রেডিট ম্যানেজমেন্ট অব কমার্শিয়াল ব্যাংকস: এ কমপারেটিভ স্টাডি অব পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাংকস’ গ্রন্থটিও পাঠকমহলে পরিচিতি পেয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষাতেও কুমিল্লা শিক্ষা বোর্ডের মেধাতালিকায় স্থান করে নিয়েছিলেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়ে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরে কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক থেকে অর্জন করেন ফিন্যান্সের এমবিএ ডিগ্রি। যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন তিনি।
এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দক্ষিণ আফ্রিকা ও চীনসহ বিশ্বের ২০টির বেশি দেশে আর্থিক খাতের আন্তর্জাতিক সেমিনার ও সভায় অংশ নিয়েছেন অধ্যাপক মাকসুদুর রহমান সরকার।






