ব্যাংকারদের শিক্ষাসনদ যাচাইয়ের সময়সীমা ৩১ মার্চ

গ্রাফিকস: আগামীর সময়
ব্যাংকে কর্মরত পুরোনো সব কর্মকর্তা-কর্মচারীর সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদ আগামী ৩১ মার্চের মধ্যে যাচাই করতে হবে। একই সঙ্গে বেসরকারি ব্যাংকের এন্ট্রি পদে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়া নিয়োগ দেওয়া যাবে না। নিয়োগের পর শিক্ষাগত ও পেশাগত সনদ যাচাই বাধ্যতামূলক করার পাশাপাশি জাল সনদ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংকিং খাতে শৃঙ্খলা, করপোরেট সুশাসন, স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া ও গ্রাহকের আস্থা বাড়াতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকে কর্মরত পুরোনো কর্মকর্তাদের সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যাচাই করে নিতে হবে। এ যাচাইপ্রক্রিয়া ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে।
এন্ট্রি পদের নিয়োগের ক্ষেত্রেও বেশ কিছু বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। যেসব পদে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হয় না, যেমন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার ও ক্যাশ অফিসার—এসব পদে নিয়োগে স্বচ্ছতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বা চাকরির ওয়েবসাইটের পাশাপাশি দেশের অন্তত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে। সশরীর উপস্থিতিতে অথবা অনলাইনে নৈর্ব্যক্তিক বা লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষাও নিতে হবে। পরীক্ষার ফলের ভিত্তিতে যোগ্য ও মেধাবী প্রার্থীদের নিয়োগ দিতে হবে।
অন্যদিকে এন্ট্রি পদ ছাড়া অভিজ্ঞ প্রার্থীদের উচ্চতর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও অন্তত মৌখিক পরীক্ষাসহ প্রতিযোগিতামূলক নিয়োগপ্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, চাকরিতে থাকা অবস্থায় পদোন্নতি কিংবা কোনো আর্থিক ও অ-আর্থিক সুবিধা পাওয়ার জন্য জমা দেওয়া পেশাগত বা নতুন শিক্ষাগত সনদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যাচাই করে কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করতে হবে। পরামর্শক বা উপদেষ্টা ছাড়া অন্য যেকোনো পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও সনদ যাচাই বাধ্যতামূলক।
কোনো ব্যাংকার অন্য ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে নতুন ব্যাংকের উচ্চতর পদে যোগ দিলে আগের প্রতিষ্ঠান শিক্ষাগত সনদ যাচাইয়ের প্রত্যয়নপত্র দিলে নতুন করে শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে তা পাঠানোর প্রয়োজন হবে না। তবে কোনো ব্যাংকারকে অব্যাহতি দেওয়ার সময় দেওয়া ছাড়পত্রে তার কোন কোন সনদ যাচাই করা হয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
নিয়োগের সময় কিংবা চাকরিরত অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদ ভুয়া বা জাল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ ছাড়া আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিটি ব্যাংককে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে পরিচালনা পর্ষদের অনুমোদিত যুগোপযোগী ও সমন্বিত মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন বা হালনাগাদ করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ওই নীতিমালায় নিয়োগ, পদোন্নতি, ছুটি, আচরণবিধি, যৌন হয়রানি প্রতিরোধ, হুইসেলব্লোয়ার নীতি, স্বার্থের সংঘাত নিরসনসহ মোট ১৮টি সুনির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করতে হবে।





