২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

মার্কিন ডলার- সংগৃহীত ছবি
চলতি সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ২৫ হাজার ৩৭৫ কোটি টাকা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানালেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩ কোটি ২০ লাখ ডলার।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৮৮ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৯৩ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। এরপর আগস্টে এসেছে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। তার আগের ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।



