ক্রয় কমিটির সিদ্ধান্ত
মরক্কো থেকে কেনা হচ্ছে ৪০ হাজার টন সার
- চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ডুয়েলগেজে ১৭৬ কোটি টাকার পরামর্শক

সংগৃহীত ছবি
মরক্কো থেকে ৪২৭ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরকারি পর্যায়ের চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ঐচ্ছিক পঞ্চম লটে এই সার আমদানি করা হবে।
গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সার আমদানি করবে। এর ব্যয় মেটানো হবে কৃষি ভর্তুকির জন্য বরাদ্দ বাজেট থেকে। বৈঠকে উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, নবায়ন করা চুক্তিতে নির্ধারিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে ডিএপি সারের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি টনের দাম পড়বে ৮৬৬ মার্কিন ডলার। ৪০ হাজার টনের মোট মূল্য ৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪২৭ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা।
চুক্তি অনুযায়ী, নির্ধারিত পরিমাণের অতিরিক্ত সর্বোচ্চ ১০ শতাংশ সার আমদানির সুযোগ রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে মরক্কো থেকে ডিএপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬০ হাজার টন। এর মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার টন আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এদিকে, চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের নির্মাণকাজ তদারকিতে ১৭৬ কোটি ৩৮ লাখ ৭ হাজার ২৬১ টাকা ব্যয়ে পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এসএমইসি ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড, ওসিজি, এসিই ও ডিডিসির যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠানটিকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ ব্যয়ের মধ্যে সরকারি অর্থের পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ রয়েছে।
প্রকল্পের আওতায় সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হলে সবকটি প্রতিষ্ঠানই প্রস্তাব জমা দেয়। কারিগরি মূল্যায়নে সব প্রস্তাব গ্রহণযোগ্য বিবেচিত হওয়ার পর নেগোসিয়েশনসহ নির্ধারিত প্রক্রিয়া শেষে সর্বোচ্চ নম্বর পাওয়া যৌথ উদ্যোগের প্রতিষ্ঠানটিকে নিয়োগের সুপারিশ করা হয়।



