রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- পূজার বেচাকেনা

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মেয়ের জন্য পছন্দের পোশাক দেখছেন মা। উৎসবের আনন্দ ঘিরে জমে উঠেছে কেনাকাটা। গতকাল রাজধানীর গাউছিয়া মার্কেটে -আশিকুর রহমান
দুর্গাপূজার বেচাকেনার জন্য সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
গত বৃহস্পতিবার দেওয়া ওই চিঠিতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া ব্যবসায়ীদের স্বার্থে আজ সোমবার থেকে ২০ অক্টোবর পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুরোধ জানিয়েছেন। বিষয়টি গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়েছে দোকান মালিক সমিতি।
চিঠিতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বর্তমানে সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ করা হচ্ছে। ঈদ ও দুর্গাপূজার মতো উৎসবের সময় সাধারণত বেচাকেনা কিছুটা বাড়ে। তাই এ সময়ে দোকান খোলার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন।



