স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় আলোচিত স্বামী ইয়াবাসহ গ্রেপ্তার

ছবি: আগামীর সময়
কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় আলোচিত বদিউজ্জামানকে ইয়াবাসহ আটক করেছে বিজিবি।
গতকাল মঙ্গলবার রৌমারী থানার ওসি কাওছার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে উপজেলার দাঁতভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বদিউজ্জামান উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোট ধনতোলা এলাকার বাসিন্দা। বদিউজ্জামান ও তার স্ত্রী ছালেহা বেগম উভয়ের বিরুদ্ধেই মাদকের একাধিক মামলা রয়েছে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৫৬ থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে দাঁতভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বদিউজ্জামানের কাছ থেকে ১১টি ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
পরে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত রৌমারী থানায় হস্তান্তর করা হয়।
ওসি কাওছার আলী বলেছেন, বিজিবির করা মামলায় বদিউজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৪ এপ্রিল রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশীপাড়া এলাকায় করলা চুরির অভিযোগ তুলে স্ত্রী ছালেহা বেগমকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে বদিউজ্জামানের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
তবে পরে ছালেহা বেগম তার স্বামীর নাম উল্লেখ না করে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা সংবাদ সম্মেলনও করেছিলেন। এবার মাদকসহ আটকের ঘটনায় আবারও আলোচনায় এলেন বদিউজ্জামান।




