ফসলি জমি ও সরকারি সম্পত্তি রক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

ভূমি মন্ত্রণালয়ে বিভাগীয় কমিশনারদের সঙ্গে ভূমিমন্ত্রীর সমন্বয় সভায়
যেকোনো মূল্যে ফসলি জমি, সাধারণ মানুষের জমি ও সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রবিবার (১২ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনারদের এ তথ্য জানান তিনি।
ভূমিমন্ত্রী বললেন, ‘অপরিকল্পিত নগরায়ন ও অবৈধ দখলের কারণে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এটি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’
ভূমিদস্যুদের একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি ও খাস জমি দখল করে আসছে। এই চক্রকে ভাঙতে মাঠ প্রশাসনকে আরও কঠোর ও তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, ‘সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
মাঠ প্রশাসনের সঙ্গে যুক্ত সব কর্মকর্তাকে আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দেন তিনি।
ভূমি প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে। বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই দেশের প্রকৃত মালিক। সরকারি কর্মচারীদের মনস্তত্ত্বে যেন সবসময় থাকে যে আমরা জনগণের সেবক।’
সেবার মানসিকতা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান ভূমি প্রতিমন্ত্রী।
সভায় দেশের সব বিভাগের বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



