সাত শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

শিয়াল— সংগৃহীত
বরিশাল নগরীতে সাতটি শিয়াল হত্যা ও মাংস ভাগাভাগির ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার বরিশালের মহানগর বিচারিক হাকিম মিরাজুল ইসলাম রাসেল এই নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সেলিম।
আদালত সূত্রে জানা গেছে, বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বাদী হয়ে গত ১২ জুলাই বরিশালের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে একটি নালিশি অভিযোগ দায়ের করেন। পরে শুনানি শেষে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা নেওয়ার নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৮ জুলাই নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মহম্মদ খোলা এলাকায় সাতটি শিয়াল হত্যা, মাংস ভাগাভাগি ও খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিয়াল হত্যার আলামত, রক্তের দাগ ও আগুনে পোড়ানোর চিহ্ন পান। তবে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।
বাদী আরিফুর রহমান বলেছেন, ঘটনাটি তদন্তে অভিযুক্তদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।





