চীনের অর্থায়নে মোংলা বন্দরে হচ্ছে দুটি আধুনিক কন্টেইনার জেটি: চেয়ারম্যান

মোংলা বন্দর কর্তৃপক্ষের অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা
মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে চীনের অর্থায়নে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি অত্যাধুনিক কন্টেইনার জেটি নির্মাণ করা হবে।
জিটুজি (সরকার-টু-সরকার) ভিত্তিতে চীনের অর্থায়নে ‘মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব অবকাঠামো নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের কার্যক্রমের সঙ্গে যুক্ত শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্ট, স্টিভেডরিং প্রতিষ্ঠান ও শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) খুলনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রকল্পের আওতায় দুটি কন্টেইনার জেটি নির্মাণ করা হবে। জেটি দুটির মোট দৈর্ঘ্য হবে ৩৬৮ মিটার। এ ছাড়া ৮৭ হাজার ৬০০ বর্গমিটার লোডেড কন্টেইনার ইয়ার্ড, ৩৪ হাজার ১৭০ বর্গমিটার খালি কন্টেইনার ইয়ার্ড এবং ৪ হাজার ২৬০ বর্গমিটার বিপজ্জনক কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে।’
আরিফ আহমেদ মোস্তফা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরে বছরে ১ কোটি ৫০ লাখ টন কার্গো এবং ৪ লাখ টিইইউ কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে।
তিনি বললেন, ‘মোংলা বন্দরের পশুর চ্যানেলের নাব্যতা সংরক্ষণে প্রকল্পের আওতায় পাঁচ বছর মেয়াদে চ্যানেলের বিভিন্ন স্থানে ৩৩০ দশমিক ৯০ লাখ ঘনমিটার সংরক্ষণ ড্রেজিং করা হবে। গত জুন পর্যন্ত ৫ লাখ ঘনমিটার ড্রেজিং কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেটি পর্যন্ত ৯ দশমিক ৫০ মিটার ড্রাফটের সমুদ্রগামী জাহাজ হ্যান্ডলিং করা সম্ভব হবে। এ প্রকল্পটি ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য নির্ধারণ করা হয়েছে।’
অনুমোদন প্রক্রিয়াধীন আরেকটি প্রকল্পের বিষয়ে বন্দর চেয়ারম্যান জানান, এর আওতায় কমপক্ষে ৩ হাজার ৫০০ কিউবিক মিটার ধারণক্ষমতার একটি ট্রেলিং সাকশন হপার ড্রেজার, দুটি ২৮ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারসহ আনুষঙ্গিক সরঞ্জাম সংগ্রহ করা হবে। এ ছাড়া পশুর চ্যানেলে নদী শাসনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং দুটি মুরিং বোট সংগ্রহ করা হবে।
চলমান প্রকল্পের বিষয়ে তিনি বলেন, বন্দরের সহায়ক জলযান সংগ্রহের (প্রথম সংশোধিত) আওতায় সমুদ্রগামী জাহাজ সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে হ্যান্ডলিংয়ের জন্য ‘মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পের আওতায় দুটি টাগবোট, একটি বয়া লেইং ভেসেল, একটি সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল, একটি পাইলট মাদার ভেসেল এবং একটি সার্ভে অ্যান্ড রিসার্চ ভেসেল সংগ্রহের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে নিরাপদ চ্যানেল নির্মাণ, সমুদ্রগামী জাহাজ সুষ্ঠুভাবে হ্যান্ডলিং এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা সম্ভব হবে। প্রকল্পটি আগামী বছরের জুনে শেষ করার জন্য নির্ধারণ করা হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) (দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মকর্তা) প্রকৌশলী শেখ শওকত আলী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কালাচাঁদ সিংহ, পরিচালক (বোর্ড) কমান্ডার এস এম আফজালুল ইসলাম, হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, উপপরিচালক (জনসংযোগ) মো. সালাহ্উদ্দিন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



