দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

বাসটি উল্টে মহাসড়কের খাদে পড়ে আছে। ছবি: আগামীর সময়
কুমিল্লার দাউদকান্দিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায়।
আহত সবাই শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা বার্ষিক ভ্রমণে বরিশাল থেকে কক্সবাজার যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ভ্রমণ বাতিল করে তারা বরিশালে ফিরে গেছেন।
আহতদের মধ্যে যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা রয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে সোমবার রাতে সেন্টমাটিন পরিবহনের চারটি বাস নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হন। ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়।
এএসআই নূর উদ্দিন বাহার আরও জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়। বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।






