সীমান্তে নজরদারি বাড়াতে ৩৫ ক্যামেরা, ১৭ সার্চলাইট স্থাপন

সীমান্তে নজরদারি বাড়াতে ক্যামেরা ও সার্চলাইট স্থাপন
জামালপুর ও কুড়িগ্রামের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, চোরাচালান ও পুশইন ঠেকাতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৩৫টি ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা ও ১৭টি সার্চলাইট স্থাপন করা হয়েছে।
আজ শনিবার জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্তসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এসব ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এবং কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী উপজেলার প্রায় ৭২ কিলোমিটার এলাকা জুড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। এ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়ন। সীমান্তবর্তী এসব এলাকা দিয়ে প্রায়ই মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও জোরপূর্বক পুশইনের চেষ্টা হয়।
সম্প্রতি অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টার কয়েকটি ঘটনার পর সীমান্তে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেয় বিজিবি। এ জন্য ঝুঁকিপূর্ণ ও চোরাচালানপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হচ্ছে। সার্চলাইটের আলোয় রাতে সীমান্ত এলাকায় নজরদারি সহজ হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের সীমান্তেও সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এসব লাইট জ্বালান ও বন্ধ করেন।
তাদের অভিযোগ, সুযোগ বুঝে গভীর রাতে লাইট বন্ধ রেখে মাদক পাচার, চোরাচালান ও পুশইনের চেষ্টা করা হয়। সীমান্তে বিজিবির নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘ব্যাটালিয়নের আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ৩৫টি সিসিটিভি ক্যামেরা ও ১৭টি সার্চলাইট স্থাপন করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় টহল দলের পাশাপাশি এসব ক্যামেরার মাধ্যমেও নজরদারি করা হবে। অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও চোরাচালান বন্ধে এগুলো স্থাপন করা হচ্ছে।
আশা করছি, এর মাধ্যমে আগের চেয়ে আরও কার্যকরভাবে সীমান্তে নজরদারি করা সম্ভব হবে। পর্যায়ক্রমে পুরো ৭২ কিলোমিটার সীমান্তেই সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হবে।



