গজারিয়ায় সড়ক দুর্ঘটনা
ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

সংগৃহীত ছবি
এক স্বজনের জানাজা থেকে ফিরছিলেন তারা, পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে এখন তাদেরই জানাজা হচ্ছে।
আজ শনিবার মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হন প্রাইভেট কার আরোহী এই চারজন।
নিহতরা হলেন- বজলুর রহমান (৬০), স্ত্রী শামীমা আক্তার (৪৫), জনেমা বেগম এবং গাড়িটির চালক সোহেল। এ ঘটনায় আহত হয়েছেন সাবিহা চৌধুরী (৪৩) নামে এক নারী।
পুলিশ জানিয়েছে, বজলুর রহমান তার ভাগ্নে লিমনের জানাজা শেষে চাঁদপুর সদর থেকে প্রাইভেট কারে ঢাকার গেন্ডারিয়ায় নিজের বাড়িতে ফিরছিলেন। আজ বিকেল পৌনে ৩টার দিকে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে।
ভবেরচর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী নিউ বলেশ্বর পরিবহন লিমিটেডের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়েছিল প্রাইভেট কারটির।
তিনি বলেন, কালো রঙের প্রাইভেট কারটি ইউটার্ন নেওয়ার সময় বাসটি সামনে এসে পড়ে। বাসের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে না পেরে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয় এবং বাসটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।
বাসের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গিয়ে ভেতরে থাকা সবাই আটকা পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও প্রাইভেট কারের আরোহীদের বাঁচানো যায়নি।
নিহত ৩ জনের লাশ হামদর্দ জেনারেল হাসপাতালে ও প্রাইভেট কার চালক সোহেল মিয়ার লাশ ভবেরচর হাইওয়ে থানায় রয়েছে।
এই দুর্ঘটনায় ১০ জন বাসযাত্রীও আহত হয়েছেন।
গজারিয়া থানার ওসি নকীব আকরাম ও ভবেরচর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি পুলিশ জব্দ করেছে। যাত্রীবাহী বাসের চালক পলাতক।



