রেলস্টেশন থেকে ১১ নারী ছিনতাইকারী গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
গ্রেপ্তাররা হলেন— সেলিনা বেগম (৩৫), সাফিয়া বেগম (৩০), সুলেমা বেগম (৬২), আবুনী বেগম (৬৫), শাহানা বেগম (৩৫), লাকি আক্তার (৩০), শাহানা বেগম (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহালা বেগম (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, দীর্ঘদিন ধরে এই চক্রের সদস্যরা বিভিন্ন আন্তঃনগর ও লোকাল ট্রেনে উঠে নারী যাত্রীদের গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালংকার ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




