শিক্ষার্থীদের নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী নুর

ছবি: আগামীর সময়
শিক্ষার্থীদের বিদেশ গমনের ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি আরও বলেছেন, আগামী পাঁচ বছরে ১ কোটি কর্মক্ষম জনগোষ্ঠীকে দেশের বাইরে কর্মসংস্থান তৈরি করে দিতে কাজ করছে সরকার। এ লক্ষে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাধারণ প্রবাসীদের জন্য তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে পূরণের চেষ্টা করছে সরকার।
আজ সোমবার দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী আরও বললেন, দেশের শ্রম বাজারে কর্মের ঘাটতি রয়েছে। সরকার কর্মসংস্থান সৃষ্টিতে চেষ্টা করছে। প্রতি বছর ৮ থেকে ১০ লাখ লোক দেশের বাইরে যাচ্ছে। পর্যায়ক্রমে এটি বাড়ানো হবে।
ক্যাম্পাস পরিদর্শনকালে ব্রজমোহন কলেজ অধ্যক্ষ শেখ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।








