পার্বতীপুর
ল্যাম্ব হাসপাতালের নির্মাণকাজের মাটি যাচ্ছে অবৈধ ইটভাটায়

ছবি: আগামীর সময়
দিনাজপুরের পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য খনন করা মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটায়। গত চার দিন ধরে দুটি এক্সকাভেটর দিয়ে মাটি খনন করে ১০টি ড্রাম ট্রাক ও ১৫ থেকে ২০টি ট্রাক্টরে করে এসব মাটি সরবরাহ করা হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রকল্পের ঠিকাদার ও ল্যাম্ব হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পার্বতীপুর শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে উপজেলার মন্মথপুর ইউনিয়নের রাজাবাসর মৌজায় ল্যাম্ব হাসপাতাল চত্বরে প্রায় ৮ হাজার বর্গফুট আয়তনের তিনতলা ভবন নির্মাণ করা হচ্ছে। ‘ল্যাম্ব জুবলী সেন্টার’ নামে এ প্রকল্পটি প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে ঢাকার বনানীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওসমান আলী কনস্ট্রাকশন লিমিটেড।
অভিযোগ রয়েছে, গত চার দিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানটি দুটি এক্সকাভেটর দিয়ে প্রায় ১৬ ফুট গভীর থেকে মাটি খনন করছে। পরে ১০টি ১০ চাকার ড্রাম ট্রাক ও ১৫ থেকে ২০টি ট্রাক্টরের মাধ্যমে প্রতিদিন ৮০ থেকে ১০০ গাড়ি মাটি একই ইউনিয়নের ফ্যাক্টরিপাড়ায় অবস্থিত একটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। ইটভাটাটি জনৈক রুবেন দাসের নামে গড়ে উঠেছে। তবে এটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
উপজেলার মোমিনপুর ইউনিয়নের ভবের বাজারের ব্যবসায়ী কামরুল ইসলাম বাদশা গত কয়েক বছর ধরে ভাটাটি ভাড়া নিয়ে পরিচালনা করছেন। অন্যদিকে, প্রকল্প এলাকা থেকে মাটি কিনে ইটভাটায় সরবরাহের কাজ করছেন বেলাইচণ্ডী ইউনিয়নের বান্নিরঘাট এলাকার মাটি ও বালু ব্যবসায়ী ওসমান গণি। তিনি মাটি সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন।
ভবন নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওসমান আলী কনস্ট্রাকশন লিমিটেডের প্রতিনিধি প্রকৌশলী এনামুল হক মাটি বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। তবে মাটি কোথায় নেওয়া হচ্ছে, তা তিনি জানেন না বলে দাবি করেন।
ভূগর্ভস্থ মাটি খনন করে অনুমোদনহীন ইটভাটায় সরবরাহ ও বিক্রি বন্ধের দাবিতে গত বুধবার (১১ নভেম্বর) এলাকাবাসী পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। তবে অভিযোগ দেওয়ার পরও মাটি সরবরাহ বন্ধে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ শুক্রবার বেলা ১১টার দিকে অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর ল্যাম্ব হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এরপরও মাটি সরবরাহ বন্ধ না হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




