বিরামপুরের জব ফেয়ারে আবেদন ২৫ হাজার, স্টল ৯৪টি

ছবি: আগামীর সময়
দিনাজপুরের বিরামপুরে চাকরির মেলা ঘিরে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের ব্যাপক সাড়া মিলেছে। ওয়েবসাইটের মাধ্যমে এ মেলায় চাকরির জন্য আবেদন করেছেন প্রায় ২৫ হাজার প্রার্থী। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠেয় এ মেলায় দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের ৭৯টি প্রতিষ্ঠান অংশ নেবে। থাকবে ৯৪টি স্টল।
দিনাজপুর-৬ আসনের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি, দক্ষতা উন্নয়ন এবং চাকরির বাজারের চাহিদার সঙ্গে পরিচিত করিয়ে দেওয়াও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
মেলায় অংশ নিতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আকিজ গ্রুপ, ওয়ালটন, প্রাণ, ব্র্যাক, এসিআই, বসুন্ধরা গ্রুপ, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়াসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেতে আবেদনকারীরা মেলায় অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছেন।
জব ফেয়ার কমিটির আহ্বায়ক ও বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন বলেন, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির বিশেষ উদ্যোগে এ চাকরির মেলার আয়োজন করা হচ্ছে। চাকরিপ্রার্থীরা যাতে সহজে মেলায় অংশ নিতে এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, সে বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ আয়োজন তরুণ-তরুণীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ মেলার প্রস্তুতি ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। আয়োজকেরা দিনাজপুর-৬ আসনের চার উপজেলার চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।




