নানকের আগরতলা সফরের খবরে আখাউড়া সীমান্তে বিএনপির বিক্ষোভ

আখাউড়া সীমান্তে বিএনপির বিক্ষোভ
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিনিধি দলের সফরের খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ করেছে বিএনপি।
আজ বুধবার বিকালে উপজেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।
এর আগে দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আগরতলায় পৌঁছায়। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলে ৫ থেকে ৭ জন জ্যেষ্ঠ নেতা রয়েছেন বলে সূত্রে জানা গেছে।
বিকালে আখাউড়া উপজেলা সদর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আখাউড়া স্থলবন্দরে যান। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। আমরা খবর পেয়েছি, তিন উপজেলার যেকোনো একটি প্রবেশদ্বার দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতা করার জন্য প্রবেশ করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুসারে আমাদের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার জন্য বলেছি।’




