টেকনাফে দোকানে গুলি ছুড়ে রোহিঙ্গা যুবককে অপহরণ

ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফে দোকানে গুলি ছুড়ে এক রোহিঙ্গা যুবককে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নেচার পার্কসংলগ্ন ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায়।
ওই যুবকের নাম মোক্তার আহমদ (৪৫)। তিনি ওই ক্যাম্প এলাকার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, গতকাল রাতে মোক্তার আহমদ ওই এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে আতঙ্ক সৃষ্টি করতে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে অস্ত্রের মুখে তাকে জোর করে তুলে নিয়ে যায় তারা।
গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয় লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
ওসি সাইফুল ইসলাম বলেছেন, মোক্তার আহমদকে উদ্ধারে পুলিশ কাজ করছে। কারা এবং কী কারণে তাকে অপহরণ করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।








