ঝিনাইদহ
প্রসূতি বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতি: আতঙ্কে প্রসবের পর নবজাতকের মৃত্যু

ছবি: আগামীর সময়
ঝিনাইদহের কালীগঞ্জ-ডাকবাংলা সড়কে গাছ ফেলে পথ আটকে প্রসূতি বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। ডাকাতির আতঙ্কের মধ্যেই অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেন সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী। তবে নবজাতককে বাঁচানো যায়নি।
গতকাল রবিবার ভোরে কালীগঞ্জের বাঘমারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে প্রসূতির স্বামী ডা. আব্দুল্লাহ আল নোমান কালীগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
প্রসূতি আফসারা তাসনীম (৩০) চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে নেওয়া হচ্ছিল।
আফসারার স্বামী ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, ডাকাতরা তার ছেলে ও মায়ের গলায় ধারালো অস্ত্র ধরে পরিবারের সদস্যদের কানের দুল, গলার চেইন, নগদ এক লাখ টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নেয়। এ সময় তার স্ত্রীকে অস্ত্রের মুখে ভয় দেখানো হয় এবং অ্যাম্বুলেন্সে থাকা নার্সকেও মারধর করা হয়। একপর্যায়ে আতঙ্কের মধ্যে তার স্ত্রী সন্তান প্রসব করেন। তবে নবজাতককে বাঁচানো যায়নি।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, ডাকাতরা একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি করেছে। প্রসূতির স্বামীর করা মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে।



