সিলেটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, পরে ধ্বংস

সংগৃহীত ছবি
সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় অভিযান চালিয়ে মর্টার শেলটি ধ্বংস করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নয়াগাঙেরপাড় এলাকায় শিশুরা খেলতে গিয়ে মর্টার শেলটি দেখতে পায়। পরে স্থানীয় কয়েকজন যুবক সেটি আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। তবে ব্যর্থ হয়ে তারা বিষয়টি গোয়াইনঘাট থানায় জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটির আশপাশ থেকে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। একই সঙ্গে শেলটি যাতে কেউ স্পর্শ করতে না পারে, সেজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
মর্টার শেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে আবেদন করা হয়। এর প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের এটিও ক্যাপ্টেন মনিরার নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রবিবার দুপুরে মর্টার শেলটি ধ্বংস করেন।
এ সময় গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার তানভীর ফয়েজসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল বিষয়টি নিশ্চিত করে জানান, মর্টার শেলটি উদ্ধারের পর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছিল। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেটি ধ্বংস করেন।




