নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ ইয়াবা জব্দ

সংগৃহীত ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার রাত ৯টার দিকে সীমান্তবর্তী কাঁকড়া ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানিয়েছে, রাত ৯টা ১০ মিনিটের দিকে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেছেন, বিজিবির কাজ শুধু সীমান্ত পাহারার দায়িত্বে সীমাবদ্ধ নয়। মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সীমান্তকেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।






