গাড়ির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাড়ির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খাজা মিয়া (৫৩)। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া গ্রামের আব্দুর রহিম ফুটুর ছেলে।
স্থানীয়রা জানান, কালিতলা এলাকায় একটি গাড়ি পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এস এম মিজানুর রহমানের ভাষ্য, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।





