হাবিপ্রবি
দুই আবাসিক হল শিক্ষার্থীদের সংঘর্ষ, বহিষ্কার ৩১

ছবি: আগামীর সময়
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই আবাসিক হলের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।
শুক্রবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে শহীদ আবরার ফাহাদ হলের শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নুর হোসেন হলে হামলা চালান। এ সময় তারা হলের নামাজঘর, আসবাবপত্র, সিসি ক্যামেরাসহ বিভিন্ন সম্পত্তি ভাঙচুর করেন। হামলায় সহকারী প্রক্টরসহ আহত হন কয়েকজন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে ৩১ শিক্ষার্থী জড়িত হিসেবে শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ডিসিপ্লিন অর্ডিন্যান্সের ১৪ ও ১৫ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় হয় এ সিদ্ধান্ত।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন কৃষি ও যন্ত্র প্রকৌশল বিভাগের ২২ ব্যাচের নাইমুর রহমান, অর্থনীতি বিভাগের একই ব্যাচের তৌহিদুল ইসলাম তুরাগ, শাকির মাহমুদ, দুর্জয় চন্দ্র বর্মণ ও সজিব হোসাইন, মার্কেটিং বিভাগের আসাদুজ্জামান নুর ও রিফাত হোসাইন, রসায়ন বিভাগের ২১ ব্যাচের সারোয়ার হোসাইন শাওন ও ইমরান হাসান, ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের আওয়াল মিয়া, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সৌরভ আহমেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাওন প্রধান, ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আসাদুজ্জামান, গণিত বিভাগের মোরতাজিম বিল্লাহ মাধুর্য ও ২১ ব্যাচের সোহেল রানা, ডিভিএম অনুষদের তামিম ইকবাল, কৃষি অনুষদের মঈন রোমান তুলন, পদার্থবিজ্ঞান বিভাগের আরাফাত হোসাইন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এমদাদুল ফেরদৌস জীম, ইংরেজি বিভাগের আসিফ হোসেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের তাসরিফ ইসলাম প্রান্তিক, ফিসারিজ অনুষদের এম এইচ কে মারুফ, পরিসংখ্যান বিভাগের শিহাব শাহরিয়ার ও জাফর সিদ্দিক জিসাদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অংকুর পাল ও শরিফুল ইসলাম সোহান, ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শরিফুল ইসলাম সোহান ও মো. ফয়সাল আহমেদ, কৃষি ও যন্ত্র প্রকৌশল বিভাগের সাজেদুর রহমান এবং ডিভিএম অনুষদের মোহাম্মদ আসিফ ও এম এইচ জামান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান জানিয়েছেন, ক্যাম্পাসের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার স্বার্থে সাময়িক বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত শিক্ষার্থীদের।





