ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে খুন কনস্টেবল

গ্রাফিকস: আগামীর সময়
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। পুলিশ বলছে, আনোয়ার হোসেন (৩২) নামের ওই কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। তিনি সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছেন, গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় তথ্য সংগ্রহে যান সহকারী উপপরিদর্শক আব্দুস সাত্তার ও আনোয়ার হোসেন। সেখানে তাদের ওপর হামলা হয়। এতে নিহত হন আনোয়ার। আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বাঁচেন। অবশ্য সাত্তারের শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ কর্মকর্তা তারেক বলেছেন, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেও অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেপ্তার করেছে। এ হামলার পেছনে মাদক কারবারিদের কোনো চক্র জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।
এর আগে চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করেছিল ফতুল্লা মডেল থানা-পুলিশ। পরে তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আটকদের ছিনিয়ে নেয়। তাদের বিরুদ্ধেও মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছিল।



